[email protected] বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

নবনির্বাচিত এমপিদের জন্য বিএনপির দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১১:৩২

ফাইল ছবি

প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে এমপিদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে ৬ ও ৭ মার্চ এই কর্মশালা অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা নবনির্বাচিত এমপিদের সংসদীয় দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কার্যকর ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেবেন।

সূত্র জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন তদারকি, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।

বিএনপির গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মশালার প্রথম দিন ৬ মার্চ দুটি সেশনে কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন।

দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর