[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: বিপিসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ২০:৩৪

ফাইল ছবি

বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শুক্রবার (৬ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনাবেচার বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় করা আইনগত অপরাধ। এছাড়া দেশে জ্বালানি তেলের মূল্য প্রতি মাসের শুরুতে সরকার নির্ধারণ করে থাকে।

বিপিসি জানায়, কিছু ভোক্তা ডিলার ও ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন—এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে।

দেশের জনগণের ভয় ও আতঙ্ক কমাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আমদানি কার্যক্রম চলছে এবং নিয়মিতভাবে তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।

বিপিসি আশা প্রকাশ করে জানায়, অল্প সময়ের মধ্যেই দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত বাফার স্টক (মজুত) গড়ে উঠবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর