[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

জ্বালানির মূল্যচাপ দীর্ঘদিন বহন সম্ভব নয়: আমীর খসরু মাহমুদ চৌধুরী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৬

ফাইল ছবি

দেশে জ্বালানির মূল্যচাপ দীর্ঘদিন ধরে বহন করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সরকার এখনো তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

রবিবার দুপুরে শেরে বাংলানগর-এ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এর প্রভাব শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকবে না; খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর প্রভাব পড়বে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, সরকার জনগণের ওপর হঠাৎ অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চায় না। তবে দীর্ঘদিন ধরে সরকারি তহবিল থেকে ভর্তুকি দিয়ে গেলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে। তাই বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

দেশের অর্থনীতির প্রায় সব সূচকই নিম্নমুখী উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। কিন্তু জ্বালানি খাতে ভর্তুকি, বৈশ্বিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানিনির্ভরতার কারণে চাপ আরও বাড়ছে।

মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। বর্তমান বাস্তবতায় এখনো পূর্ণ প্রস্তুতি নেই বলে তিনি উল্লেখ করেন। বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ দেনা, উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি এবং আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এলডিসি উত্তরণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে অর্থনীতির মৌলিক সূচক শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সংস্কার কার্যকর করা গেলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর