অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমে কারও সঙ্গে কোনো সমঝোতার সুযোগ রাখে না। তিনি দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন অর্থনীতির শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি যতবার সরকারে এসেছে, ততবারই দেশের অর্থনীতিতে শৃঙ্খলা বজায় ছিল। ম্যাক্রো অর্থনীতি, অর্থনৈতিক কৌশল কিংবা শেয়ারবাজারে লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।
অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই।
ব্যাংক খাত থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। এ অর্থ দেশে ফিরিয়ে আনতে বিদেশি পেশাদার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার-সরকার (জি২জি) পর্যায়েও কাজ চলছে। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে লুট হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: