আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে এটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। এতে প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।
মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের উৎপাদিত পণ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া এবং ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে আরও এগিয়ে নেওয়া। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে তৃণমূল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একই ধরনের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহী করে তোলা হবে। একই সঙ্গে পলিথিনের ব্যবহার কমিয়ে দেশের হারানো পাটশিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনাও এ উদ্যোগের লক্ষ্য।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: