রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম বসানো হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করল। একই সঙ্গে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় যুক্ত হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রকল্প এলাকায় আয়োজিত জ্বালানি লোডিং অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের এই নতুন যাত্রায় শুভেচ্ছা জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি।
এ সময় ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচেভ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি প্রকল্পের চূড়ান্ত ধাপ। এখন ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ধাপে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হিসেবে বিবেচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
এই প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: