প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকারের স্বাস্থ্য খাতের দর্শন অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ কর্মসূচির অংশ হিসেবে ই-হেলথ কার্ড চালু করা হবে।
বৃহস্পতিবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, বিভাগীয় পর্যায়ে জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং জনবল বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সীমিত অবকাঠামো ও স্বল্প জনবল নিয়ে জেলার প্রধান এই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন এখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের করিডোর পর্যন্ত রোগীতে পূর্ণ থাকে। শিশু থেকে বৃদ্ধ—অনেক রোগীকেই মেঝেতে অবস্থান করতে দেখা যায়।
এ পরিস্থিতি বিবেচনায় পটুয়াখালী মেডিকেল কলেজ-এর জন্য পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন খালেদুর রহমান মিয়া, আবু ইউসুফ, দিলরুবা ইয়াসমিন রুপাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: