জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, সভায় প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী বলেন, “১৭ বছর জনগণ এক ধরনের মানসিক যন্ত্রণায় ছিল। মানুষ কথা বলতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর মানুষ সব ধরনের গণতান্ত্রিক অধিকার ভোগ করছেন।”
এ সময় জাতীয় সংসদে সংসদ সদস্যদের কর্মপদ্ধতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নারী সংসদ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।
সভায় বিএনপি দলীয় ৩৬ জন নারী সংসদ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন বক্তব্য রাখেন।
সভা শেষে নারী সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, প্রধানমন্ত্রী বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয়ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে এবং তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দিয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: