আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করা হয়।
প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, সংসদে ইতোমধ্যে সিটি করপোরেশন সংশোধন আইন পাস হয়েছে। নতুন আইনে দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, বগুড়া সিটি করপোরেশনের তফসিল অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে।
নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে চলতি অর্থবছরেই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত বরাদ্দ দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন সাধারণত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। তাই বর্ষা শেষে শুষ্ক মৌসুমে নির্বাচন আয়োজনের সম্ভাবনাই বেশি।
তিনি বলেন, “আমার ব্যক্তিগত ধারণা, আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে নির্বাচন শুরু হতে পারে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা বলেছেন, তাই বর্ষা মৌসুম শেষে ধাপে ধাপে পাঁচটি নির্বাচন শেষ করা হবে।”
কোন নির্বাচনটি আগে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাজেট, নির্বাচন আয়োজনের ব্যয়, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং অর্থ বিভাগের সক্ষমতা বিবেচনায় নিয়ে সময়সূচি নির্ধারণ করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি সবচেয়ে বড় পরিসরের নির্বাচন হওয়ায় ব্যয়ও বেশি। প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন করতে বিপুলসংখ্যক ব্যালট পেপার ছাপানোসহ নানা প্রস্তুতির প্রয়োজন হবে। শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনেই প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী বাজেটে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। কমিশনের ব্যয়ের হিসাব পাওয়ার পর অর্থ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
এদিকে, দায়িত্ব গ্রহণের পর বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি। প্রাথমিক বরাদ্দের অর্থ দিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেওয়া হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: