[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যাকারীর মৃত্যুদণ্ড এক মাসের মধ্যে নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১৯:৪৯

সংগৃহিত ছবি

মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।

শনিবার বিকেলে ত্রিশাল-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানবতা, মানবিকতা ও ধর্মীয়-সামাজিক মূল্যবোধ ধ্বংস করা হয়েছে। ঢাকার মিরপুরে নিষ্পাপ শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড সেই মানবিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ।

তিনি বলেন, “শিশু বা নারী নির্যাতনের মতো ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে আগামী এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।”

প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে যেন কেউ শিশু ও নারী নির্যাতনের সাহস না পায়, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি সমাজে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দেন।

জাতীয় কবির বাল্যস্মৃতিবিজড়িত দরিরামপুরের নজরুল একাডেমি মাঠে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলীসহ অন্যরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর