বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত ১৭ বছরে সরকারগুলো কোনো ভেন্টিলেটর, মেশিন বা ভ্যাকসিন দিয়ে যায়নি। এমনকি সিরিঞ্জও ছিল না। প্রাইভেট উদ্যোক্তাদের সহায়তায় সরকার হামের মতো পরিস্থিতি মোকাবিলা করেছে।”
তিনি আরও বলেন, “হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে।”
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ অনুদান হিসেবে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় গুদামে আরও এক লাখ স্যালাইন মজুত রয়েছে এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে ২০ থেকে ২৫ হাজার স্যালাইন ছড়িয়ে-ছিটিয়ে আছে।
তবে হঠাৎ করে স্যালাইনের চাহিদা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজের জবাব জমা দেওয়ার জন্য আরও দুই দিন সময় দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “সময় না দিলে তারা আদালতের আশ্রয় নিতে পারে। এজন্য আদ-দ্বীন হাসপাতালকে আরও দুই দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা জবাব দেবে। এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: