[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ২১:২০

সংগৃহিত ছবি

মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত থেকে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।

চার দিনের চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

চীন সফরের আগে গত ২১ জুন মালয়েশিয়া সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক এবং পরে সীমিত ও সম্প্রসারিত পরিসরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

মালয়েশিয়া ও চীন সফরকে সরকারের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর