[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ২১:২৬

সংগৃহিত ছবি

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির স্বাস্থ্যমন্ত্রী গীলা আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ওষুধ আমদানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রোববার মালের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকের শুরুতে হাইকমিশনার নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী গীলা আলীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফল ও ফলপ্রসূ দায়িত্বপালন কামনা করেন।

জবাবে মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ সরকারকে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে মেডিকেল ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ায় আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতে বাংলাদেশ থেকে দক্ষ থেরাপিস্ট, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানির বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশের উন্নত ফার্মাসিউটিক্যাল শিল্প পরিদর্শনে একটি প্রতিনিধিদল পাঠানোর সম্ভাবনাও বিবেচনা করা হয়।

বৈঠকের শেষে উভয়পক্ষ স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং ওষুধ শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর