[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ১৮:২০

ফাইল ছবি

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনও সুষ্ঠু, সফল ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সীমানা-সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য সরকারকে শিগগিরই চিঠি দেবে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ইসি।

আব্দুর রহমান মাসুদ বলেন, “আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল ও গ্রহণযোগ্য হবে। তবে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, নির্বাচন-সংক্রান্ত সংবাদ পরিবেশনের সময় কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুল তথ্য প্রকাশ না হয়, সে বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।

এদিকে, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আইনগত ও সীমানা-সংক্রান্ত জটিলতা নিরসনে কমিশন কাজ করছে এবং এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় আগামী অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর