[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১৪:১৩

ফাইল ছবি

আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হলো— ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।’

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আগামীকাল (রোববার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর পর ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি পালিত হয়। এরপর থেকে প্রতিবছরই বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর