বাংলাদেশের ই-পাসপোর্টে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন নকশায় জলছাপ হিসেবে যুক্ত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’, যেখানে স্থান পেয়েছে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তিন তরুণের প্রতীকী ছবি। একই সঙ্গে দীর্ঘদিন পর আবারও ই-পাসপোর্টে ফিরেছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরগমন-৪ শাখা থেকে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে নতুন জলছাপ সংযোজন করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতীকী ছবি
নতুন জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর অংশ হিসেবে যুক্ত হয়েছে তিন শহীদের প্রতীকী ছবি। এগুলো হলো—
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা প্রতীকী ছবি।
উত্তরার আজমপুরে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি হাতে দাঁড়িয়ে থাকা প্রতীকী ছবি।
চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের জাতীয় পতাকার জার্সি পরিহিত প্রতীকী ছবি।
এ তিনটি ছবিকে একত্রে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ নামে ই-পাসপোর্টের জলছাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ
নতুন ই-পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। আওয়ামী লীগ সরকারের সময় ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় এই অংশটি বাদ দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে।
এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত— “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।” এখন নতুন সংস্করণের পাসপোর্টে সেই নীতিই পুনর্বহাল করা হচ্ছে।
নতুন জলছাপে থাকছে যেসব প্রতীক
নতুন ই-পাসপোর্টের জলছাপে স্থান পেয়েছে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজার সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
এছাড়া নতুন সংস্করণে সব ধর্মের প্রতীকও সংযোজন করা হয়েছে।
যেসব জলছাপ বাদ পড়েছে
পরিবর্তিত নকশা অনুযায়ী ই-পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের জলছাপ।
ধাপে ধাপে চালু হবে নতুন পাসপোর্ট
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে ৪৮ ও ৬৪ পৃষ্ঠার সব নতুন ই-পাসপোর্টে সংশোধিত জলছাপ ও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ব্যবহার করা হবে।
তবে বর্তমানে যাদের পুরোনো ই-পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় তারা নতুন সংস্করণের ই-পাসপোর্ট পাবেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: