[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১৩:৪১

ফাইল ছবি

বিএনপি নেতা মো. রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটবে—প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনটি শেয়ার করেন মো. রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”

তিনি আরও লেখেন, “বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর