রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এ সময় ১১ দলীয় ঐক্যজোটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যাচাই-বাছাই শেষে জামায়াত নেতা আব্দুল বাতেন জানান, অলি আহমদের জমা দেওয়া দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটি বৈধ হয়েছে। ফলে দ্বিতীয় মনোনয়নপত্রটি আর যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয়নি।
তিনি বলেন, অলি আহমদের মনোনয়ন প্রত্যাহার করা হবে না। ১১ দলীয় ঐক্যজোট শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে।
এদিকে আজ দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রয়োজন হচ্ছে।
এর আগে, গত ১৩ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যজোটের একটি প্রতিনিধি দল। জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি মনোনয়নপত্র জমা দেয়।
এ সময় জোটের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ আরও অনেকে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: