দেশের প্রায় ১৯ হাজার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শিক্ষায় আরও উৎসাহিত করতে ‘পিংকি সাইকেল’ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণিতে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উপহারের কথা জানিয়েছেন। আর সেই উপহার হিসেবে দেওয়া হবে ‘পিংকি সাইকেল’।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মেয়েদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করার পাশাপাশি তাদের পড়াশোনায় আগ্রহ বাড়াতেও এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। সদ্য পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহিত করতে উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ করা হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষায় এ ধরনের বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: