আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে দেশের মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে—সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
বুধবার জাতীয় সংসদে দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দেশে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ (FSRU) স্থাপনের আলোচনা চলছিল। সে সময় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলে বর্তমানে একটি টার্মিনাল বিকল হওয়ার কারণে দেশকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সে সময় এফএসআরইউ স্থাপনের চুক্তি বাতিল করেছিল। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্প ও বিদ্যুৎ খাতের চাহিদা পূরণে দ্রুততম সময়ের মধ্যে নতুন একটি এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করছি, আগামী কিছুদিনের মধ্যেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে পারব। প্রধানমন্ত্রীও বলেছেন, ২০২৮ সালের পর নতুন এফএসআরইউ চালু করা সম্ভব হবে।”
তাৎক্ষণিক বিদ্যুৎ সংকট নিরসনের বিষয়ে তিনি বলেন, দ্রুত সমাধান পেতে পায়রা বিদ্যুৎকেন্দ্র ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে দ্রুততম সময়ের মধ্যে পুরোপুরি কার্যকর করতে হবে।
বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আগস্ট মাসে বাংলাদেশের মানুষকে যে কষ্ট পোহাতে হয়েছে, অন্তত সেপ্টেম্বর মাসে যেন সেই কষ্ট পোহাতে না হয়, সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সরকার রুফটপ সোলার নীতিমালা গ্রহণ করেছে। এর বাস্তবায়নের মাধ্যমে আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকটজনিত বর্তমান পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আগামী গ্রীষ্মে দেশের মানুষকে বিদ্যুৎ সংকটের দুর্ভোগ পোহাতে হবে না।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: