রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দিতে চায়। নির্বাচনী কোনো কলঙ্ক বর্তমান সরকার ঘাড়ে নেবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবহেলিত রংপুরের উন্নয়নে সরকার কাজ করছে। জেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেসব সমস্যার সমাধান করা হবে।
রংপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, আজকের সভা থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। আগামী মাসের সভায় যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশে সুষম উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুষম উন্নয়নের ধারায় রংপুরেও উন্নয়ন করা হবে। ইতোমধ্যে রংপুর জেলার ছয়টি আসনে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া রংপুর বিভাগের জন্য প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব একনেকে পাঠানো হয়েছে।
তিনি বলেন, জনস্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে রংপুরের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।
তিস্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে সরকার কাজ করছে। খুব দ্রুতই এ বিষয়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
সভায় জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে রংপুর জেলার সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: