[email protected] শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩

দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১৯:০৬

সংগৃহীত ছবি

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশে অসংখ্য গ্র্যাজুয়েট বের হয়েছে। এরপরও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী নিয়োগ করতে হচ্ছে।

এ পরিস্থিতিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে। এ বিভাগ গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র‌্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর