আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশাল নির্বাচনী জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার ২নং গোহালবাড়ি ইউনিয়নের বীরেশ্বরপুর সালেমীয়া মাহদীয়া (কওমি) মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
গোহালবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহইয়া খালেদ, জেলা শিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ। এছাড়াও উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুজ্জামান আলকেশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহীদুল ইসলাম এবং উপজেলা শিবিরের সভাপতি মো. সালাহউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, "আমি নির্বাচিত হলে আপনাদের আমার কাছে আসার প্রয়োজন হবে না বরং আমি নিজেই জনগণের সেবক হিসেবে আপনাদের দ্বারে দ্বারে ঘুরবো। এই এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা এবং ঐতিহ্যবাহী বিল ভাতিয়ার উন্নয়ন নিয়ে আমি বিশেষ পরিকল্পনা করে রেখেছি।" তিনি বলেন, এলাকার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে আমরা বদ্ধপরিকর।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে দেশের সুশাসন ও ইনসাফ কায়েমের আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: