[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

দখলমুক্ত ঝিলিম ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার অঙ্গীকার নূরুল ইসলাম বুলবুলের

আসাদুল্লাহ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩১

তিনি বলেন বেকার ভাতা নয়, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তুলবো

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে আমনুরা স্টেশন রেলওয়ে মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জোনের পরিচালক আব্দুস সবুর, জেলার নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মুখলেছুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিবসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে পুকুর, খাল ও বিল দখল করা হচ্ছে। আমরা নির্বাচিত হলে ঝিলিমের সব পুকুর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। যার জমি তার নামেই বরাদ্দ থাকবে।”

তিনি আরও বলেন, “আমনুরা জংশনকে ঘিরে পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে সব ট্রেন এখানে আসতে পারে। সার, বীজ ও কীটনাশকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।”

দেশব্যাপী পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমরা নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাসে কাজ করবো।”

তিনি বলেন, “আমরা বেকার ভাতা নয়, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তুলবো। তরুণ ও যুবকরাই দেশের শক্তি। আমরা দুর্নীতি, মামলা বাণিজ্য, সন্ত্রাসবাদ করবো না এবং কাউকে করতেও দেব না। চাঁপাইনবাবগঞ্জকে নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলবো।”

সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি সকলের কাছে ভোট ও দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।

অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নূরুল ইসলাম বুলবুলকে বিজয়ী করলে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এম.এম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর