মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন–পরবর্তী সংঘর্ষে মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জসিম মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। তিনি স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বেও যুক্ত ছিলেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত জসিম একই এলাকার মাফিক নায়েবের ছেলে। সংঘর্ষে তার বাবা মাফিক নায়েব ও ভাই মশিউর রহমানও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় আগে থেকেই প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব ছিল। নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জসিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
তিনি আরও বলেন, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার পর সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন অভিযোগ করে বলেন, সকাল থেকেই তার সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছিল এবং কয়েকটি এলাকায় তাদের গ্রামছাড়া করা হয়েছে। নিহতের ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: