[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

এমপি আখতারের সফর ঘিরে হরতাল থেকে সরে বিক্ষোভের ডাক বিএনপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫

ফাইল ছবি

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে উত্তেজনা বিরাজ করছে। শুরুতে হরতালের ঘোষণা দিলেও পরে তা থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হারাগাছ পৌর বিএনপি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে এমপি আখতার হোসেনের।

এ সফরকে কেন্দ্র করে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়ায় চারদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকেরা। সর্বশেষ রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে হারাগাছ পৌর বিএনপি।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে আখতার হোসেন লিখেছেন, “আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, “সরকার গঠন করেছে বিএনপি, আর নতুন সরকারের আমলে প্রথম হরতাল হচ্ছে বিরোধী দলের সংসদ সদস্যের বিরুদ্ধে। রংপুর-৪ এর হারাগাছে আজ আমার বিরুদ্ধে হরতাল ডেকেছে এমদাদুল ভরসার পৌর বিএনপি। এনারা আসলে বিএনপি করেন না, ভরসা করেন।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির সরকার গঠনের আভাস পাওয়ার পর থেকে বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও ভয়ভীতি দেখানোর মতো ঘটনা ঘটছে বিএনপির নাম ভাঙিয়ে।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, এমপি আখতার হোসেনের সফর ঘিরে যেন কেউ আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে, সে জন্য এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর