বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ডেপুটি চিফ অবজারভার ইন্টা লেইস, লিগ্যাল অ্যানালিস্ট ইরিনি মারিয়া গোওনারি এবং রায়ান ইসলাম।
বৈঠকের শুরুতে ইভারস আইজবস বিরোধীদলীয় নেতার সার্বিক ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান। এসময় বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের একটি রিপোর্টও ডা. শফিকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
সফররত ইইউ প্রতিনিধিদল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কেও জানতে চাইলে বিরোধীদলীয় নেতা জাতীয় নির্বাচন, গণভোটসহ বিভিন্ন বিষয়ে তার দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হলেও পরবর্তীতে সেগুলোর বাস্তবায়নে টালবাহানা করছে। এ পরিস্থিতি চলতে থাকলে রাজনৈতিক নেতৃত্বের ওপর জনগণের আস্থা কমে যেতে পারে।
বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সরকারদলীয় নেতাকর্মীদের সহিংসতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য এবং একাধিক স্থানে জামায়াতের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। পাশাপাশি তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: