[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত নারী এমপিদের সংসদে যাওয়ার আগে প্রশিক্ষণ দেবে জামায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৪৯

ফাইল ছবি

সংসদে যাওয়ার আগেই সংরক্ষিত নারী আসনের নিজ দলের সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় কার্যক্রম, বিল, বাজেটসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে এক বা দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে দলটি।

বুধবার (২৯ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, নারী সদস্যদের শপথের পরই প্রশিক্ষণ দেওয়া হবে। সবাই নতুন হওয়ায় সংসদের নিয়ম-কানুন, কার্যপ্রণালী ও বিভিন্ন বিষয়ে তাদের ধারণা দেওয়া হবে। দলের নির্বাচিত সদস্যদের মধ্যে চারজন শিক্ষক রয়েছেন এবং সবাই যোগ্যতা সম্পন্ন হলেও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংসদে বিভিন্ন বিল উপস্থাপনের ক্ষেত্রে কীভাবে বক্তব্য দিতে হবে, কোন বিষয়ে কোন বিধিতে কথা বলতে হবে, পয়েন্ট ধরে আলোচনা উপস্থাপন এবং সংসদীয় রীতি-নীতি সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করা হবে।

জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও সংস্কৃতি বিষয়ক সেক্রেটারি নাজমুন নাহার নিলু জানান, আগামী মাসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যেহেতু এটি ইনডোর আয়োজন, তাই পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এই ৪৯ জনের মধ্যে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোটের ১২ জন সদস্য রয়েছেন। বিএনপির রয়েছেন ৩৬ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর