[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

‘যাকাত’কে তুচ্ছতাচ্ছিল্য ধর্মীয় অনুভূতিতে আঘাত: জামায়াতের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে ২০২৬, ০৮:২২

ফাইল ছবি

বেসরকারি টেলিভিশনের এক টকশোতে যাকাত নিয়ে বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ মে) রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নিলোফার চৌধুরী মনি ইসলামের অন্যতম ফরজ বিধান ‘যাকাত’কে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের সঙ্গে তুলনা করেছেন, যা দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।

তিনি আরও বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ মাধ্যম। অন্যদিকে চাঁদাবাজি জুলুম ও অন্যায়ের প্রতীক। এ দুই বিষয়কে এক কাতারে আনা দায়িত্বহীনতা ও ধৃষ্টতার শামিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মানুষ যখন একটি ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করছে, তখন চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার মতো বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের মন্তব্য সমাজে অপরাধপ্রবণতা বাড়াতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া প্রচলিত আইনেও শাস্তিযোগ্য অপরাধ। তাই নিলোফার চৌধুরী মনিকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে বিএনপিকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর