[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

জামায়াতের ‘নির্মম পতন’ হবে, দায়ী থাকবে নেতাকর্মীরা: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১৫:২২

ফাইল ছবি

জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গালিগালাজ করে মেসেজ পাঠান বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, শিগগিরই জামায়াতের ‘নির্মম পতন’ ঘটবে এবং এর জন্য দায়ী থাকবে দলটির নেতাকর্মীরাই।

শুক্রবার (১৯ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। পোস্টে তিনি তার মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশটও প্রকাশ করেন।

রাশেদ খাঁন লেখেন, “জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠানো হয়। আমি কেন তাদের যৌক্তিক সমালোচনা করি, তার একটি নমুনা দিলাম।”

তিনি আরও লেখেন, “ওরা ভাবে মা-বাবাকে তুলে গালি দিলে আমি ভয়ে চুপ হয়ে যাব। মূলত আমাকে থামিয়ে দিতে গালিই তাদের হাতিয়ার। কিন্তু এই গালিবাজরা বুঝতে পারছে না, সামনে তাদের করুণ পরিণতি অপেক্ষা করছে।”

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, অতীতে মানুষ শুধু সরকারি দলের পতন দেখেছে, তবে এবার ভিন্ন কিছু ঘটবে। তিনি লেখেন, “ইতোমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততই তাদের ভুল ও অযোগ্যতা প্রকাশ পাবে।”

পোস্টের শেষাংশে তিনি বলেন, “খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর