[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬, ০৯:৫৬

সংগৃহিত ছবি

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ আত্মপ্রকাশ করেছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

অনুষ্ঠানে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করে জানানো হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশা করেছিল। তবে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণের মধ্যে নতুন করে হতাশা তৈরি হয়েছে।

ঘোষণাপত্রে বলা হয়, দেশের রাজনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের ঘাটতি এবং হতাশ জনগোষ্ঠীর সামনে নতুন রাজনৈতিক আশার পথ তৈরি করার লক্ষ্যেই ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর যাত্রা শুরু হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু হলো তারুণ্য। মানুষের আশা-আকাঙ্ক্ষার বড় অংশই তরুণদের ঘিরে। তিনি বলেন, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর