রাজধানীর সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে একাধিক প্রশ্ন তুলেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, চেইন অব কমান্ড এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব প্রশ্ন তোলেন মহিউদ্দিন রনি।
পোস্টে তিনি রাজধানীতে সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উদাহরণ তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রাজধানীর একটি হাসপাতালে হামলার সময় বিপুলসংখ্যক সশস্ত্র ব্যক্তি ও ভারী বুলডোজার ব্যবহৃত হলেও ঘটনাস্থলে থাকা পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।
মোহাম্মদপুরে সাধারণ মানুষকে নিজেদের ঘরবাড়ি ও পরিবারের নিরাপত্তার জন্য রাতে লাঠি ও বাঁশি নিয়ে পাহারা দিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাও উল্লেখ করেন।
মহিউদ্দিন রনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রাখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই তার নিয়ন্ত্রণে রয়েছে কি না। তিনি জানতে চান, মাঠপর্যায়ে কঠোর হওয়ার বিষয়ে মন্ত্রী কোনো স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন না, নাকি নির্দেশনা দেওয়ার পরও বাহিনী তা মানছে না।
তিনি আরও প্রশ্ন তোলেন, নির্দেশনা দেওয়া না হলে সেটি গাফিলতি এবং নির্দেশনা দেওয়ার পরও তা বাস্তবায়িত না হলে চেইন অব কমান্ডের দুর্বলতা কি না।
পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা, আনসার-ভিডিপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার প্রশ্ন, অপরাধীদের তৎপরতা সম্পর্কে তথ্য থাকার পরও যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এর কারণ কী।
মহিউদ্দিন রনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সাধারণ নাগরিকদের নিজেদের নিরাপত্তার জন্য পাহারায় নামতে হচ্ছে—এটি প্রত্যাশিত নয়। রাতে ঘুমাতে যাওয়ার সময় একজন সাধারণ মানুষের মনে যেন এই বিশ্বাস থাকে যে বিপদে রাষ্ট্র তার পাশে থাকবে, সেটিকেই তিনি আইনশৃঙ্খলা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি সরকারের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা প্রয়োজন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: