[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২

সংগৃহিত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এনসিপির কার্যালয়ে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও তা দফায় দফায় পেছানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে ন্যূনতম আশঙ্কা তৈরি হলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করার কথাও বলেন তিনি।

তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে এনসিপি এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে। সারাদেশের তরুণদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যোগ্য প্রার্থী পাওয়া গেলে তাদের সমর্থন দেওয়ার কথাও জানান তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নিয়োগ থেকে বাদ পড়া আড়াই হাজার প্রার্থীর প্রত্যেককে চাকরিতে নিয়োগ দিতে হবে। তাদের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা না থাকলে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।

তিনি বলেন, অন্যায়ভাবে একজনকেও নিয়োগ থেকে বাদ দেওয়া হলে এনসিপি তার পক্ষে লড়বে। এ বিষয়ে এনসিপি ইতোমধ্যে বাদ পড়া প্রার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে।

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ওই বক্তব্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা উঠে আসেনি। তার দাবি, সেখানে দলীয় এজেন্ডাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকট আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরা হয়নি। বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড, পুশইন, রোহিঙ্গা সংকট এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রয়োজনীয় বিষয়গুলো উঠে আসেনি বলে মন্তব্য করেন তিনি।

এ ছাড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণহত্যার প্রসঙ্গ জাতিসংঘে যথাযথভাবে তুলে ধরা হয়নি বলেও দাবি করেন এনসিপি আহ্বায়ক। তাঁর ভাষ্য, জাতিসংঘে বাংলাদেশের কী অর্জন হয়েছে, সেটিও জনগণের কাছে স্পষ্ট নয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর