স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দাবি আদায়ে প্রয়োজনে তারেক রহমানকে ঘেরাও করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের মানুষের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাহিদ ইসলাম বলেন, ব্যর্থতার দায় নিয়ে তাঁদের পদত্যাগ করতে হবে। তা না হলে আন্দোলনের মিছিল আরও বড় হবে। দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর অভিযোগ, তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে বলে আলোচনা হচ্ছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, সীমান্তে হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়কে অশান্ত করার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: