বিএনপি সরকার কোনো ধরনের হতাহতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার অভিযোগ তুলে তিনি বলেছেন, ধৈর্য ধরে রাজনৈতিকভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে এবং ব্যবসায়ীরা দোকানপাট ও শপিং মল খোলা রাখতে সাহস করবেন না। এভাবে চলতে থাকলে সেখানে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও লেখেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তাই টুঙ্গিপাড়ার বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা মোকাবিলায় স্থানীয় সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং স্থানীয় মানুষের মধ্য থেকেই এ পরিস্থিতি মোকাবিলার পথ খুঁজে বের করতে হবে। সরকার কঠোরভাবে নাশকতা দমন করতে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং সেটিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ধৈর্য ধরে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বিরোধী দল বিএনপি সরকারের বিরুদ্ধে একাধিক লংমার্চ করেছে উল্লেখ করে এবার ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ কর্মসূচির প্রতি সমর্থন ও সাধুবাদ জানানোর কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: