[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

কোরআনের আলোকে কারা প্রকৃত ক্ষতিগ্রস্ত?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ২০:০৭

ফাইল ছবি

পবিত্র কোরআনের দৃষ্টিতে প্রকৃত ক্ষতি কোনো পার্থিব সম্পদ, পদমর্যাদা বা সুযোগ-সুবিধা হারানো নয়; বরং ঈমান, দ্বিন ও আখিরাত হারিয়ে ফেলাই সবচেয়ে বড় ক্ষতি। কোরআনের বিভিন্ন আয়াতে এমন সব কাজ ও আচরণের কথা উল্লেখ করা হয়েছে, যা মানুষকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল করে।

কোরআন বলছে, আল্লাহকে অস্বীকার করা বা কুফরিতে নিমজ্জিত হওয়াই সর্ববৃহৎ ক্ষতি। সুরা আল-আনকাবুতের ৫২ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত।

এ ছাড়া ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মোহে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া, আল্লাহর নিদর্শন অস্বীকার করা, নিজের ভুল কাজকে সঠিক মনে করা এবং দুনিয়ার স্বার্থে ঈমান গ্রহণ করাকেও ক্ষতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সুরা আল-কাহফের ১০৩-১০৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমন লোকদের কথা বলেছেন, যারা সারাজীবন পরিশ্রম করেও মনে করে তারা ভালো কাজ করছে, অথচ তাদের সব প্রচেষ্টা আখিরাতে ব্যর্থ হয়ে যায়।

কোরআনে আরও যেসব কাজকে ক্ষতির কারণ বলা হয়েছে, তার মধ্যে রয়েছে অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা, দারিদ্র্য বা লজ্জার ভয়ে সন্তান হত্যা, আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, পৃথিবীতে অশান্তি সৃষ্টি, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা এবং আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা।

এছাড়া কাফিরদের এমনভাবে অনুসরণ করা, যা ঈমান ও দ্বিনের জন্য ক্ষতিকর হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। সুরা আলে ইমরানের ১৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, এ ধরনের আনুগত্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে।

সুরা আল-বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরও প্রকৃত ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এ প্রতিশ্রুতির ব্যাখ্যা সুরা আল-আরাফের ১৭২ নম্বর আয়াতে এসেছে, যেখানে বলা হয়েছে, দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ সমগ্র মানবজাতির রূহ থেকে তাঁর রব হওয়ার স্বীকৃতি নিয়েছিলেন।

ইসলামী চিন্তাবিদদের মতে, কোরআনের শিক্ষা হলো—পার্থিব ক্ষতি সাময়িক, কিন্তু ঈমান ও আখিরাতের ক্ষতি চিরস্থায়ী। তাই একজন মুমিনের প্রকৃত সফলতা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে মুক্তি লাভের মধ্যেই নিহিত।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর