[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২

ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল, ভারতের বিপক্ষে শিরোপার লড়াই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭

সংগৃহিত ছবি

দুই বছর আগে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের কাছে ৩১ রানে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। প্রথমবার অংশ নিয়েই দারুণ সাফল্য দেখিয়েছিল বাংলার মেয়েরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ সামনে।

ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল আবারও উঠেছে স্বপ্নের ফাইনালে। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল। প্রশ্ন একটাই—ফাইনালে হারের প্রতিশোধ নিয়ে কী এবার চ্যাম্পিয়ন হতে পারবে বাংলাদেশ?

এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে ফাহিমা খাতুনের দল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। গ্রুপে তারা হারিয়েছে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে।

সেমিফাইনালেও দাপট দেখিয়েছে বাংলার মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১১০ রান করেও জিতেছে ৫৪ রানের বড় ব্যবধানে। বোলিং ও ফিল্ডিংয়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স। টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

আগামী জুনে ইংল্যান্ডে বসবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ। বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলবে বাংলাদেশ। তার আগে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে ফাহিমা খাতুনের দল। ফাইনালে জয় পেলে আত্মবিশ্বাস আরও বাড়বে দলের।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর