নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশের মেয়েরা। শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেননি ফাহিমা খাতুনরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত। জবাবে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা মোটামুটি ভালোই ছিল। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। তবে এরপরই ব্যাটিং ধসে পড়ে টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফলে শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। ১৮ রান করেন শারমিন সুলতানা। ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান, আর সাদিয়া আক্তার করেন ১০ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে প্রেমা রাওয়াট তিনটি উইকেট নেন। সোনিয়া ও তানুজা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন আরও তিন বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি ভারতও। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে পঞ্চম উইকেট জুটিতে দলনেতা রাধা যাদব ও তেজাল হাসাবনিস ৬৯ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন।
ফাহিমা খাতুনের বলে আউট হওয়ার আগে ৩০ বলে ৩৬ রান করেন রাধা যাদব। অন্যদিকে ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তেজাল হাসাবনিস। তার ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। এছাড়া ১৯ রান করেন দিনেশ ভ্রিন্দা।
বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ চারটি উইকেট নেন ফাহিমা খাতুন। আরও দুই বোলার একটি করে উইকেট নেন।
ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টজুড়ে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে ভবিষ্যতের জন্য আশা জাগিয়েছেন বাংলাদেশের মেয়েরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: