পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে এই সিদ্ধান্ত নেন।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ২টায়।
এই ম্যাচে আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামছে বাংলাদেশ। তবে পাকিস্তান দলে এসেছে একটি পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন পেসার হারিস রউফ।
আজকের ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। একই সঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। বর্তমানে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। আজ জয় পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, ফলে ৯ নম্বরে উঠে যাবে তারা। বর্তমানে ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। আর সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮১।
এর আগে গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজে আজ জিতলেও সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: