[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে সুইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১১:৪৫

সংগৃহিত ছবি

চার বছর আগের প্লে-অফের হতাশা ভুলে ঘরের মাঠে দারুণ এক জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন।

মঙ্গলবার রাতে স্টকহোমে ইউরোপিয়ান বাছাইপর্বের প্লে-অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে ফেরার টিকিট নিশ্চিত করে গ্রাহাম পটারের শিষ্যরা। এর ফলে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপে খেলবে ১৯৫৮ সালের রানার্সআপ সুইডেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ইয়াসিন আইয়ারির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্টনি এলাঙ্গা। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১৩ মিনিট পর নিকোলা জালেস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড।

প্রথমার্ধের শেষ দিকে বেঞ্জামিন নিগ্রেনর ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে গোল করেন গুস্তাফ লেগারবিয়েলকে। এতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে পোল্যান্ড। তাদের চাপে শেষ পর্যন্ত সমতা ফেরে, কারোল সুইডারস্কির গোলে ম্যাচ দাঁড়ায় ২-২। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই ৮৮ মিনিটে আসে নির্ণায়ক মুহূর্ত। বেসফোর্ট জেনেলির শট পোস্টে লেগে ফিরলে ফিরতি বলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন ভিক্টর ইয়োকেরেস। তার এই নাটকীয় গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সুইডেনের।

এই জয়ের মাধ্যমে চার বছর আগে প্লে-অফ ফাইনালে পোল্যান্ডের কাছে হারের প্রতিশোধ নিল সুইডেন। অন্যদিকে, রবার্ট লেভানডভস্কির দল টানা দুই আসর পর বিশ্বকাপে জায়গা পেল না। ফলে ২০২২ কাতার বিশ্বকাপই এই তারকার সম্ভাব্য শেষ বিশ্বকাপ হয়ে থাকতে পারে।

এদিকে একই রাতে আরেক প্লে-অফ ফাইনালে তুরস্ক ১-০ গোলে কসোভোকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর