বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে যেন রানের ফোয়ারা ছুটছেই। দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে চাপের মুহূর্তে খেললেন আরও একটি অসাধারণ ইনিংস। ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন তিনি।
মিরপুরের হোম অব ক্রিকেটে শুক্রবার ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল স্বাগতিকরা। তবে সেই চাপ সামলে রক্ষণাত্মক না খেলে উল্টো পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন শান্ত।
মাত্র ১২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। তার ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার। পাকিস্তানের অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ আব্বাসকে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করেন তিনি।
টেস্ট ক্রিকেটে শান্তর সাম্প্রতিক ফর্ম ঈর্ষণীয়। সবশেষ ৮ ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে শতকের দেখা পেয়েছিলেন তিনি। এছাড়া গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। শান্তর ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথেই এগোচ্ছে টাইগাররা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: