[email protected] শনিবার, ১৩ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা, হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ২১:৩২

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে ম্যাচের পরই মাথায় আঘাতজনিত কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। একই সঙ্গে তাকে রেখেই তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, “মিরাজ বাসায় ফিরেছে। প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটি বাউন্সার আঘাত করেছিল, এরপর কিছুটা বমি হয়, যা উদ্বেগের বিষয় ছিল। তারপরও সে খেলা চালিয়ে যায়। ম্যাচ শেষে বিসিবির ডাক্তার ও ফিজিওরা তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।”

দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য টাইগারদের।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর