[email protected] মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
২৩ আষাঢ় ১৪৩৩

মিসরের বিপক্ষে ফিরছে মেসির বিশ্বকাপের প্রথম গোলের স্মৃতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১৮:০৯

ফাইল ছবি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে ফিরে আসছে লিওনেল মেসির ক্যারিয়ারের এক স্মরণীয় অধ্যায়। কারণ, ঠিক ২১ বছর আগে এই মিসরের বিপক্ষেই বিশ্বকাপের মঞ্চে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই ম্যাচেই করেছিলেন নিজের প্রথম বিশ্বকাপ গোল।

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেক হয় ২০০৪ সালে প্যারাগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। তবে ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মিসরের বিপক্ষে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক পর্যায়ে তার প্রথম বড় মঞ্চ। প্রথমবার একাদশে নেমেই গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।

সেই টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। ওই সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত তরুণ ছিলেন ফ্রেডি আডু, যাকে অনেকেই ভবিষ্যতের ‘নতুন পেলে’ বলে আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে বার্সেলোনায় খেলা শুরু করলেও মেসি তখনও ছিলেন নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা এক তরুণ প্রতিভা।

প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে দলের ভাগ্য বদলাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মিসরের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মেসি। ম্যাচের ৪৭তম মিনিটে হুলিও বারোশোর ক্রস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। পরে পাবলো জাবালেতার আরেক গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে কোচ মেসির পরিবর্তে মাঠে নামান লুকাস বিগলিয়াকে।

মিসরের বিপক্ষে সেই প্রথম গোলের পর আর পেছনে তাকাতে হয়নি মেসিকে। পুরো টুর্নামেন্টে ছয় গোল করে জিতে নেন গোল্ডেন বুট। পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে অর্জন করেন গোল্ডেন বলও। ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল এবং সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে একটি গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দুই দশকেরও বেশি সময় পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফলে ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, বরং মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের এক ঐতিহাসিক সূচনার স্মৃতিও নতুন করে ফিরিয়ে আনছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর