[email protected] রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে ১৪ বছর পর ইতিহাসের পাতায় মিরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬, ১২:০৪

সংগৃহিত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত স্পিনে ৫ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান মিরাজ। তার কার্যকর বোলিং বাংলাদেশের জয়ের পথ অনেকটাই সহজ করে দেয়।

অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো স্পিনারের তৃতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ২০১২ সালে। সেবার শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৯৫ রানে ৫ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর সেই তালিকায় নাম লেখালেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ কোনো স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অবশ্য ভারতের কুলদীপ যাদবের। ২০১৯ সালে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নেওয়া বোলারদের তালিকাতেও যুক্ত হলো মিরাজের নাম। প্রথম ইনিংসে হাসান মাহমুদ ৬ উইকেট নেওয়ার পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ফাইফারের দেখা পেলেন মিরাজ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ। সাকিব এই কীর্তি গড়েছেন দুইবার।

এটি মিরাজের টেস্ট ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেটের ইনিংস। এশিয়ার বাইরে এটি তার তৃতীয় ফাইফার। ডারউইন টেস্টে ব্যাট হাতে অবদানের পাশাপাশি বল হাতেও কার্যকর ভূমিকা রেখে দলের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

পুরো ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদও। দুই ইনিংস মিলিয়ে ১১০ রানে ৯ উইকেট শিকার করেছেন তিনি। অল্পের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে এক টেস্টে ১০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হওয়ার সুযোগ হাতছাড়া করেন হাসান।

তবে বাংলাদেশের পেসারদের মধ্যে এক টেস্টে এর চেয়ে ভালো বোলিং ফিগার রয়েছে শুধু শাহাদাত হোসেন রাজিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৯৭ রানে ৯ উইকেট।

মিরাজ ও হাসানের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে স্মরণীয় এক অধ্যায় রচনা করল বাংলাদেশ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর