দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর আসন্ন মৌসুমের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। বাংলাদেশ থেকে নিলামের জন্য মনোনীত একমাত্র ক্রিকেটার তিনি। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ।
এসএ২০-এর নিলামে মোট ১৫৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন শুধু নাহিদ রানা। আফগানিস্তান থেকে নিলামে আছেন পাঁচ ক্রিকেটার—সেদিকউল্লাহ আতাল, ফজলহক ফারুকী, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী ও এএম গাজানফার।
নাহিদ রানার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ র্যান্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ কোটি ১১ লাখ টাকারও বেশি। নিলাম থেকে কোনো দল তাকে দলে নিলে এবারের এসএ২০-তে খেলা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হবেন তিনি।
এর আগে সরাসরি চুক্তিতে রিশাদ হোসেনকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ। গত আসরে ডারবান সুপারজায়ান্টস বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামকে দলে নিলেও শেষ পর্যন্ত তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি।
আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএ২০-এর নিলাম। ২০২৭ সালের ১৭ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টের নতুন মৌসুম।
ছয় দলের এই টুর্নামেন্টে অংশ নেবে জোবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, সানরাইজার্স ইস্টার্ন কেইপ, এমআই কেপটাউন, ডারবান সুপারজায়ান্টস ও প্রিটোরিয়া ক্যাপিটালস। এর মধ্যে পার্ল রয়্যালস ও ডারবান সুপারজায়ান্টসের স্কোয়াড নিলামের আগেই পূর্ণ হয়ে গেছে। ফলে বাকি চার দল নিলাম থেকে নিজেদের স্কোয়াডে খেলোয়াড় যুক্ত করবে।
এসএ২০-এর বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেইপ। তিনবার শিরোপা জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলও তারা। এমআই কেপটাউন এখন পর্যন্ত একবার এসএ২০-এর শিরোপা জিতেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: