২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহুকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত রাতে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে ২ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। এর আগে আগামী বছরের শুরুতে ১০ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। রানার্সআপ ও সেমিফাইনালিস্ট দলগুলো খেলবে সুপার সিরিজে। সেখান থেকে সেরা দলটি গ্রুপ পর্বের টিকিট পাবে।
গ্রুপ পর্বে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল।
৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের মূল গ্রুপ পর্ব। কেপটাউনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গত আসরের রানার্সআপ ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১২ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। কুগোম্পো সিটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৬ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ডারবানে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ভেন্যুতে খেলবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। সেঞ্চুরিয়ানে বাছাই পর্ব পেরিয়ে আসা ‘বি’ দলের মুখোমুখি হবে টাইগাররা।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ‘সুপার সেভেন’ পর্ব। রাউন্ড রবিন পদ্ধতিতে সেখানে দলগুলো একে অপরের মুখোমুখি হবে। সুপার সেভেনের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে।
১৭ নভেম্বর কেপটাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ নভেম্বর সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
৮ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম ইংল্যান্ড, উইন্ডহুক
১২ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, কুগোম্পো
১৬ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম শ্রীলংকা, ডারবান
১৯ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডারবান
২৩ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’, সেঞ্চুরিয়ান
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: