চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী আয়োজিত “বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬” সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ মেলার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিসিক কর্মকর্তা মো. আব্দুর রহিম।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্ভাবনী উদ্যোক্তা হিসেবে ইম্পেরিয়াল আইটির সহযোগী প্রতিষ্ঠান বিপ মাইক্রোসিস্টেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ঈদুল হাসান জনিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। জ্বালানি তেল ব্যবস্থাপনা অ্যাপ উদ্ভাবনের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তি ও সেবাকে উৎসাহিত করতেই এ ধরনের সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
এছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্য থেকে সেরা নির্বাচিতদেরও পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে লিও মার্ট বিডি। দ্বিতীয় স্থান যৌথভাবে লাভ করে নূর নকশী ও বরিশাল হ্যান্ডিক্রাফট এবং তৃতীয় স্থান যৌথভাবে অর্জন করে অনন্ত মৃৎশিল্প ও শ্রী শুভ স্টোর (হস্তশিল্প)। বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের মেলায় মোট ৪১ লাখ ৬৪ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে এবং প্রায় ১০ লাখ ৫৫ হাজার টাকার পণ্যের অর্ডার পাওয়া গেছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: