[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

রমজানে গ্রিন টি পান: উপকার পেতে মানতে হবে যেসব নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫

ফাইল ছবি

চলছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের পানির ভারসাম্য ঠিক রাখা এ সময়ের বড় চ্যালেঞ্জ। শুধু পানি পান করলেই ক্লান্তি দূর হয় না—প্রয়োজন সঠিক পুষ্টি ও উপযুক্ত পানীয়। তাই ইফতারের পর অনেকেই চা পান করে থাকেন। স্বাস্থ্যসচেতনদের পছন্দের তালিকায় এখন শীর্ষে রয়েছে গ্রিন টি।

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ গ্রিন টি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে বলে মত পুষ্টিবিদদের। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গ্রিন টি পান করলে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস পেতে পারে। পাশাপাশি আর্থ্রাইটিস, আলঝেইমার ও পারকিনসন্স রোগের ক্ষেত্রেও এটি উপকারী।

এ ছাড়া গ্রিন টি হজমশক্তি বাড়াতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং চর্বি কমাতে সহায়তা করে। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, রোগপ্রতিরোধক্ষমতা শক্তিশালী করা এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

তবে রমজানে গ্রিন টি পান করার ক্ষেত্রে কিছু নিয়ম না মানলে উপকারের বদলে অপকার হওয়ার আশঙ্কা থাকে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যেসব ভুল এড়াতে হবে

খাওয়ার পরপরই পান করা:
ইফতারের পরপরই গ্রিন টি পান করা ঠিক নয়। এতে প্রোটিন পরিপাকে বাধা সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা অন্তত এক ঘণ্টা বিরতি রেখে গ্রিন টি পানের পরামর্শ দেন।

খুব গরম চায়ে মধু মেশানো:
চায়ে মধু ব্যবহার করলে তা কিছুটা ঠান্ডা হওয়ার পর মেশানো উচিত। অতিরিক্ত গরম চায়ে মধু দিলে এর পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

ওষুধের সঙ্গে পান করা:
গ্রিন টি দিয়ে ওষুধ সেবন করলে ওষুধের শোষণ বাধাগ্রস্ত হতে পারে এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। ওষুধের ক্ষেত্রে সাধারণ পানি ব্যবহার করাই নিরাপদ।

অতিরিক্ত পান করা:
গ্রিন টিতে ক্যাফেইন ও ট্যানিন রয়েছে। দিনে দুই থেকে তিন কাপের বেশি পান করলে মাথাব্যথা, খিটখিটে মেজাজ বা আয়রন শোষণে সমস্যা হতে পারে। ইফতার থেকে সেহরি পর্যন্ত সর্বোচ্চ দুই কাপ পান করাই ভালো, তবে সেহরির পর না পান করাই উত্তম।

একসঙ্গে দুটি টি-ব্যাগ ব্যবহার:
একাধিক টি-ব্যাগ ব্যবহার করলে শরীরে অতিরিক্ত ক্যাফেইন প্রবেশ করে, যা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে।

কৃত্রিম স্বাদের চা নির্বাচন:
কৃত্রিম স্বাদযুক্ত গ্রিন টি এড়িয়ে প্রাকৃতিক ও মানসম্মত চা বেছে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তাড়াহুড়ো করে পান করা:
গ্রিন টি ধীরে ধীরে চুমুক দিয়ে পান করলে এর প্রশান্তিদায়ক গুণ ভালোভাবে পাওয়া যায়।

সতর্কতা

গ্রিন টিতে থাকা ক্যাফেইনের কারণে অতিরিক্ত পানে রক্তচাপ বৃদ্ধি, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, উদ্বেগ ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, দৈনিক ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ ঝুঁকিপূর্ণ। প্রয়োজনে ডিক্যাফিনেটেড গ্রিন টি বেছে নেওয়া যেতে পারে।

এ ছাড়া গ্রিন টির নির্যাস বা সাপ্লিমেন্ট গ্রহণ করলে বমিভাব, কোষ্ঠকাঠিন্য কিংবা পেট খারাপের মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

তাই রমজানে সুস্থ থাকতে গ্রিন টি পান করুন পরিমিতভাবে এবং সঠিক নিয়ম মেনে।

সূত্র: Healthline, VnExpress, Verywell Health

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর